‘জাতীয়তাবাদী শক্তি ছাড়া দেশকে কেউ রক্ষা করতে পারবে না’


চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের প্রধান সমন্বয়ক মো. পারভেজের সভাপতিত্বে এবং সমন্বয়ক রায়হান উদ্দিন ও নিশাতের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর এবং সাবেক ছাত্রদল নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ স্থানীয় অন্যান্য নেতারা।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম মিয়াজী বলেন, ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি একটি রাজনৈতিক পাঠশালার নাম; যে পাঠশালায় দেশ রক্ষা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অতীতের মতো ছাত্রদল না জাগলে এ দেশ ধ্বংস হয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না।

তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও বাস্তবমুখী করতে হবে, যাদের বদৌলতে গ্রামবাংলার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ নিরাপদে ও শান্তিতে ঘুমাবে। নিশ্চিন্তে চলাচল করতে পারবে দেশের মা-বোনসহ সাধারণ মানুষ। এ জন্য ছাত্রদলের আরও ভালো কাজ (বেটার ওয়ার্ক) চাই।

স্থানীয় সংসদ সদস্য জননেতা নুরুল আমিনের নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে দিদারুল আলম মিয়াজী উপস্থিত নেতা-কর্মীদের সোশ্যাল মিডিয়ায় সরব থাকার পাশাপাশি দেশ, দল ও সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদলকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।