
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তাসম্পর্কে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের আয়োজনে এবং জোরারগঞ্জ হাইওয়ে থানার সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আলাউদ্দীনের সভাপতিত্বে এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের অফিসার মো. মুজিবুল হকের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশের উপপরিচালক এ এইচ এম আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, এসওএস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের পরিচালক মোহাম্মাদ মশিউর রহমান এবং উপপরিচালক মৃত্যুঞ্জয় জেংচাম।
সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথি এ এইচ এম আসাদুজ্জামান, বিশেষ অতিথি মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মাদ মশিউর রহমান এবং মৃত্যুঞ্জয় জেংচাম বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী হতাহত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সড়ক পারাপারে সতর্কতা, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তাঁরা। এ ছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও এ বিষয়ে আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান মো. আলাউদ্দীন, এ এইচ এম আসাদুজ্জামান ও মোহাম্মদ জাকারিয়া।
আলোচনা সভায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে এবং এ এইচ এম আসাদুজ্জামান, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মাদ মশিউর রহমান, মো. মুজিবুল হক ও মৃত্যুঞ্জয় জেংচামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসব প্রশ্নের উত্তর দেন। শেষে একটি নিরাপদ সড়ক গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মো. আলাউদ্দীন।
