হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি


চট্টগ্রামের হাটহাজারীতে মো. নুরুল আহসান (প্রকাশ লাভু) নামের এক ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান মো. নুরুল আহসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আজ শুক্রবার সকাল ১০টার মধ্যে যেকোনো সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ দেওয়ান নগর এলাকার শাহ জামাল ভবনের ভাড়া বাসার নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে উল্লিখিত এলাকার ভাড়া বাসার নিচে পার্কিং স্টেশনে তাঁর নিজের ব্লু (নীল) রঙের মোটরসাইকেলটি (যার রেজিস্ট্রেশন নম্বর- চট্টমেট্রো ল ১৮-৬০৮৯) রেখে বাসায় উঠে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকালবেলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল আহসান মোটরসাইকেলটি নেওয়ার জন্য বাসার নিচে পার্কিংয়ে গিয়ে দেখেন, সেখানে তাঁর মোটরসাইকেলটি নেই। আশপাশে খোঁজ করার পর ইউপি চেয়ারম্যান মো. নুরুল আহসান বুঝতে পারেন, অজ্ঞাতনামা চোর বা চোর চক্র তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী চেয়ারম্যান মো. নুরুল আহসান জানান, এ ঘটনায় তিনি নিকটস্থ হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। হাটহাজারী মডেল থানার পুলিশও ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ইউপি চেয়ারম্যান মো. নুরুল আহসান উল্লেখ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান জানান, ইউপি চেয়ারম্যান মো. নুরুল আহসানের অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।