
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুপের বাপের পাড়া এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি দরিদ্র পরিবারের বসতবাড়ি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। গত বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে একটি বাড়ির মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় চারটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ওই এলাকার আবদুল মোনাফের ছেলে নজরুল ইসলামের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। আবদুল মোনাফের ছেলে নজরুল ইসলামের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। ততক্ষণে আবদুল মোনাফের ছেলে নজরুল ইসলামসহ ওই চার পরিবারের বাড়ির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ, নগদ টাকা এবং মজুতকৃত খাদ্যশস্যসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এমন পরিস্থিতিতে গত দুই দিন ধরে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধসহ সবাই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুড়ে যাওয়া বসতঘর দেখতে যান স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনকে জানিয়ে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তার আশ্বাস দেন সংশ্লিষ্ট ১ নম্বর ওয়ার্ডের মেম্বার।
এদিকে চকরিয়া উপজেলার কোনাখালীতে অগ্নিকাণ্ডে দরিদ্র চার পরিবারের বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মানবিক সহায়তা সামগ্রী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চকরিয়া যুব রেডক্রিসেন্ট টিমের সদস্যরা। রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা যুব রেডক্রিসেন্ট টিমের পক্ষ থেকে এ সময় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার টিমের আজীবন সদস্য মো. মাইনুল ইসলাম, চকরিয়া উপজেলা যুব রেডক্রিসেন্ট টিমের ডেপুটি লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত, টিমের আইসিটি মিডিয়া বিভাগের প্রধান মোবারক করিম ফাহিম, যুব সদস্য ফজলুল করিম, যুব সদস্য ইমাম হোসাইন, যুব সদস্য আবু সালেহীন, যুব সদস্য মোহাম্মদ জাহেদ ও যুব সদস্য মো. ফজিও প্রমুখ। আজীবন সদস্য মো. মাইনুল ইসলাম, ডেপুটি লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাত ও আইসিটি মিডিয়া বিভাগের প্রধান মোবারক করিম ফাহিমের নেতৃত্বে এবং যুব সদস্য ফজলুল করিম, ইমাম হোসাইন, আবু সালেহীন, মোহাম্মদ জাহেদ ও মো. ফজিওর সার্বিক সহযোগিতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
