রাঙ্গুনিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পালাল সিএনজিচালক, দুটি অস্ত্র উদ্ধার


চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ চেকপোস্ট পরিচালনা করে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, গতকাল ১০ এপ্রিল রাতে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ ধাওয়া করে ওই সিএনজিচালিত অটোরিকশাটি আটক করতে সক্ষম হয়। এরপর তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সিএনজিচালক পালিয়ে যান বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ জানিয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ আরও জানান, পলাতক সিএনজিচালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।