
বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা, বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম এ মন্তব্য করেন।
সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান, যেখানে শিক্ষা হবে গরিববান্ধব এবং দেশপ্রেমিক জাতি গঠনে সহায়ক। সংসদ সদস্য এনামুল হক এনাম আরও বলেন, মেরুদণ্ড সোজা না থাকলে যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুশিক্ষায় শিক্ষিত না হলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের নাম উদ্ধৃত করে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, এখন আর নকলবাজি চলবে না। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিলে ভবিষ্যতে নিজেকে গড়ে তুলে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব বলে সংসদ সদস্য এনামুল হক এনাম শিক্ষার্থীদের উদ্দেশে জানান।
বক্তব্যের শুরুতে সংবর্ধিত প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার (পটিয়া) নোমান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটিয়ার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, মোজাম্মেল হক, জাহেদুল হক, গাজী আবু তাহের, তৌহিদুল ইসলাম, মঈনুল আলম ছোটন ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনাম।
