
চট্টগ্রামের রাউজানে সড়কে বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নজরুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন অটোরিকশা আরোহী গুরুতর আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় সড়কে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে কাপ্তাই সড়কের মাইজ্যা মিয়ার ঘাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক নজরুল ইসলাম রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধার পাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথেরহাটগামী সিএনজিচালিত একটি অটোরিকশা মাইজ্যা মিয়ার ঘাটা এলাকায় অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে কাপ্তাই থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক নজরুল ইসলাম নিহত হন। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বিক্ষুব্ধ জনতা সৌদিয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই সময় কর্ণফুলী এক্সপ্রেস নামক আরেকটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় অটোরিকশাচালক নজরুল ইসলাম নিহত হয়েছেন। আহত এক যাত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দিয়েছে।
