সংরক্ষিত নারী আসন: পটিয়া থেকে বিএনপির মনোনয়ন ফরম নিলেন খালেদা ফারুকী


জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি খালেদা ফারুকী।

রোববার (১২ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদা ফারুকী তার রাজনৈতিক দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে ছিলেন। ১৯৮৪ সালে পটিয়া সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

নিজের বাবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার অনুপ্রেরণা হলেন বাবা অ্যাডভোকেট প্রয়াত এস. আর. ফারুকী, যিনি শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বাবার কাছ থেকেই জনগণের জন্য কাজ করতে শিখেছেন বলে জানান তিনি।

দলের দুঃসময়ে সবসময় পাশে ছিলেন উল্লেখ করে খালেদা ফারুকী আশা প্রকাশ করেন যে, দল তাকে মূল্যায়ন করবে। বহিরাগত কাউকে যেন মনোনয়ন দেওয়া না হয়, সে দাবিও জানান তিনি। তিনি বলেন, দলের একনিষ্ঠ কেউ মনোনয়ন পাক সেটাই তাদের চাওয়া। তাকে মূল্যায়ন করা হলে নারীদের উন্নয়ন ও সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় নারীদের অবদান সবার সামনে তুলে ধরবেন।

খালেদা ফারুকী আরও জানান, তাদের পুরো পরিবার রাজনৈতিকভাবে বেড়ে উঠেছে এবং তার ভাই পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন। প্রার্থী নির্ধারণে দল ভুল করবে না বলে তিনি আশাবাদী।

এদিকে, দলীয় সূত্র থেকে জানা গেছে, পটিয়া আসন থেকে মহিলা নেত্রী আফরোজা বেগম জলিও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে দল যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।