
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে। তবে কোরআনে হাফেজ বা বড় আলেম—যেই হোন না কেন, দিন শেষে তিনি একজন মানুষ। মানুষ হিসেবে কেউই ভুলের ঊর্ধ্বে নন। সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁদের হয়তো পূর্ণাঙ্গ ধর্মীয় বা ভাষাগত জ্ঞান নেই, কিন্তু সমাজ তাঁদের আলেম হিসেবেই সম্মান করে। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা সমাজের বৃহত্তর পরিসরে নেতিবাচক প্রভাব ফেলে।
হত্যা নাকি আত্মহত্যা?
এটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে একজন আইনজীবী হিসেবে এখনই সরাসরি মন্তব্য করা তদন্তকাজকে প্রভাবিত করতে পারে। একইভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ অপরাধী নাকি নিহতের স্ত্রী জড়িত, সে বিষয়েও মন্তব্য করা অনুচিত। অনেকেই ইতিমধ্যে স্ত্রীকে অপরাধী বানাচ্ছেন, কেউ মাদ্রাসা পরিচালনা পর্ষদকে দুষছেন, আবার কেউ নিহতের ব্যক্তিগত বিষয়গুলো সামনে এনে আত্মহত্যার জন্য তাঁকে দায়ী করছেন। মূলত এসবই অনুমাননির্ভর কথা। প্রকৃত তথ্য না জেনে অনুমানের ভিত্তিতে কাউকে দোষারোপ করা একধরনের অবিচার।
আইনি প্রক্রিয়া ও পুলিশের দায়িত্ব
একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে তা হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পুলিশের সুনির্দিষ্ট কয়েকটি আইনি পদক্ষেপ গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে:
প্রথমত, সুরতহাল প্রতিবেদন তৈরি করা। পুলিশকে ঘটনাস্থল বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকলে তার ছবি ও ভিডিও ধারণ করে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিপিবদ্ধ করতে হয়। গলায় রশি আটকানোর ধরন, ক্ষতের গভীরতা, নিহতের চোখ, মুখ, হাত-পা ও শরীরের অন্যান্য স্পর্শকাতর অংশের অবস্থা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না বা তিনি কিসের ওপর ভর করে আত্মহননের পথ বেছে নিয়েছেন—এসব বিবরণ একজন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষরের ভিত্তিতে লিপিবদ্ধ করেন।
দ্বিতীয়ত, জব্দ তালিকা প্রস্তুত করা। ঘটনাস্থল সংশ্লিষ্ট সব আলামত, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ, নিহতের ও সন্দেহভাজনদের মুঠোফোন এবং ব্যবহৃত রশি বা কাপড় পুলিশ হেফাজতে নেয়। এটিও নির্ধারিত ফরমে প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়।
তৃতীয়ত, ময়নাতদন্ত বা পোস্টমর্টেম। পুলিশ সুরতহাল ও জব্দ তালিকা প্রস্তুতের পর মৃতদেহ মর্গে পাঠায়। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসক মৃত্যুর সময়, কারণ এবং শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে সুস্পষ্ট মতামত এই প্রতিবেদনেই উঠে আসে।
এই কাজগুলো সম্পাদনের পর নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) মূলে এটিকে অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করে। তবে যদি এটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয় এবং কেউ মামলা না করে, তবে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করে তদন্ত শুরু করে। অন্যদিকে নিহতের পরিবার চাইলে হত্যা বা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০২, ৩০৫ বা ৩০৬ ধারায় মামলা করতে পারে। পুলিশ বা আদালতের নির্দেশে যেকোনো সংস্থা এর তদন্তভার গ্রহণ করতে পারে।
ঘটনার পারিপার্শ্বিক পর্যবেক্ষণ
লোহাগাড়ার ঘটনাটি আমার নিজ এলাকার কাছাকাছি হওয়ায় আমি এর নানা দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। প্রত্যক্ষদর্শী, মাদ্রাসা কমিটি, নিহতের স্ত্রী ও স্থানীয় লোকজনের বক্তব্যের ভিত্তিতে বেশ কিছু বিষয় সামনে এসেছে।
প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন দেখা যায়নি। তিনি যে কার্টনের ওপর দাঁড়িয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে, সেটি একজন পূর্ণবয়স্ক মানুষের ভার বহনে কতটা সক্ষম, তা নিয়ে সন্দেহ রয়েছে। নিহতের স্ত্রী শারীরিকভাবে অত্যন্ত হালকা-পাতলা গড়নের, যাঁর পক্ষে একা এমন ঘটনা ঘটানো প্রায় অসম্ভব—যদি না ময়নাতদন্তে অন্য কোনো আঘাতের প্রমাণ মেলে। এছাড়া রাতে মাদ্রাসার পাশের কক্ষে অন্য এক ব্যক্তির উপস্থিতি, নির্দিষ্ট কক্ষে সিসি ক্যামেরার অনুপস্থিতি এবং ফ্যানের বদলে দেয়ালের সঙ্গে ঝোলার বিষয়টি পুরো ঘটনাকে রহস্যময় করে তুলেছে।
দায় ও আইনি মতামত
মাদ্রাসা কর্তৃপক্ষের আর্থিক হিসাব চাওয়া বা জবাবদিহি দাবি করা অন্যায্য কিছু নয়; আইনগতভাবেই এই অধিকার তাঁদের রয়েছে। তবে এর আড়ালে কোনো মানসিক বা শারীরিক নির্যাতন হয়েছে কি না, তা নিবিড় তদন্তের বিষয়। অন্যদিকে নিহতের স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি এবং গণমাধ্যমের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন। পেশাদার অপরাধী না হলে সাধারণ মানুষের পক্ষে এমন ঘটনার পর এতটা স্বাভাবিক থাকা কঠিন।
পরিশেষে বলা যায়, সিসি ক্যামেরার ফুটেজ, গলায় ক্ষতের ধরন এবং ময়নাতদন্তের প্রতিবেদনই এই রহস্যের প্রকৃত জট খুলতে পারে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আত্মহত্যা করলে অন্যের ওপর দায় চাপানোর সুযোগ কম। তবে আত্মহত্যার প্ররোচনা বা হত্যার ন্যূনতম আলামত পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি।
লেখক: আইনজীবী ও মানবাধিকারকর্মী।
