ছয় লেনের দাবিতে লোহাগাড়ায় মহাসড়ক অবরোধ, এমপির আশ্বাসে প্রত্যাহার


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। পরে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আশ্বাসে এক ঘণ্টা পর তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বটতলী স্টেশন এলাকায় কয়েকশ মানুষ এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ এই যানজটে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর অবস্থান নিয়ে ছয় লেন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অবরোধে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন মানিক জানান, দেশের অন্যতম ব্যস্ত এই রুটটি দুই লেনের হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন। দীর্ঘদিন ধরে কেবল আশ্বাস দেওয়া হলেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট বাড়ছে। তাই তারা এখন আর আশ্বাস নয়, বরং দ্রুত ছয় লেন বাস্তবায়নের সুস্পষ্ট সিদ্ধান্ত চান।

বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উপস্থাপন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এই আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে যান। এরপর পর্যায়ক্রমে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

অবরোধ চলাকালে ও প্রত্যাহারের সময় ঘটনাস্থলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল উপস্থিত ছিলেন।