
চট্টগ্রামের পটিয়ায় শিকলবাহা খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই নারীর শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ড এলাকার শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা শিকলবাহা খালে ওই নারীর লাশ পানিতে ভাসতে দেখেন। এরপর তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, আশপাশের অন্য কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসে শিকলবাহা খালের কৈয়গ্রাম এলাকায় পৌঁছায়।
স্থানীয়দের মতে, অন্তত এক-দুই দিন আগেই লাশটি সেখানে ভেসে এসেছে। মঙ্গলবার বিকেলে পানি কমে গেলে সেটি সাধারণ মানুষের নজরে আসে। উদ্ধারের সময় লাশটি ফুলে যাওয়া অবস্থায় ছিল এবং নিহতের পরনে একটি লাল রঙের থ্রিপিস ছিল।
পটিয়া থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ ঘটনার বিস্তারিত জানিয়েছেন। উপপরিদর্শক মো. ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিচয়বিহীন ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটির আনুমানিক বয়স ৩৫ বছর এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
লাশটি ভালোভাবে ধোয়ার পর আঘাতের ধরন ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন মো. ফরহাদ। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে বলেও নিশ্চিত করেন পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. ফরহাদ।
