দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মীর হেলালের


দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি)। দেশে যাতে আর কেউ অগণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করার দুঃসাহস দেখাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকারও তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘জারুলতলা’ প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে বৈষম্যহীন সমাজ গড়ার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা ছিল, আজকের উৎসবমুখর পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা বহুলাংশে সফল হয়েছি। চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই প্রাণচাঞ্চল্য ও সম্প্রীতির মনোভাবই সকল ত্যাগের সার্থকতা বলে উল্লেখ করেন তিনি।

দেশের সামগ্রিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ দেশ ১৮ কোটি বাংলাদেশীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল বাংলাদেশীকে এক প্ল্যাটফর্মে আনার যে দর্শন দিয়েছিলেন এবং দেশনায়ক তারেক রহমান তাঁর ৩১ দফায় যে ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই বৈচিত্র্য ও ঐক্যের প্রতিফলন দেখা যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই ঐক্যই কাঙ্ক্ষিত উন্নতির পথে নিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চবি শাটল ট্রেনের সমস্যাসহ বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। এ সময় তিনি ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।