
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘প্রতিবন্ধীদের কল্যাণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বড়তাকিয়া বাজারের একটি রেস্তোরাঁয় মিরসরাই প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মিরসরাই প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের সভাপতি ইশতিয়াক আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী ও ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন সেলিম। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার নিজামী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, শেখটোলা আদর্শ গ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জে এ চৌধুরি তপু, মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার নির্বাহী পরিচালক সালাউদ্দিন চৌধুরী এবং স্বপ্নের খৈয়াছরার সভাপতি মো. জাহেদ। এছাড়াও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রহিম উদ্দিন, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংকের মো. আব্দুল্লাহ, ইপসা কর্মকর্তা তাপস নন্দী এবং বারৈয়াঢালা প্রতিবন্ধী যুব সংস্থার সভাপতি আনোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় প্রতিবন্ধী সংগঠনের অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মিরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী মো. শাহাদাত হোসেন সেলিমকে সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাও উৎপাদনশীল অংশীদার হতে পারেন। তাদের অধিকার প্রতিষ্ঠা, সহানুভূতি নয় বরং সম-অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বৃদ্ধি করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না উল্লেখ করে বক্তারা সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দেন।
