৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ


৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বন্দর কর্মকর্তা ও শিপিং এজেন্টরা জানিয়েছেন, আংশিক খালাস শেষে এর মধ্যে একটি জাহাজ বুধবার সকালে পতেঙ্গার ডলফিন জেটির দিকে রওনা হয়েছে এবং অন্য জাহাজটি বৃহস্পতিবার জেটিতে ভেড়ার কথা রয়েছে।

ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। অপরদিকে ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ রাত ৮টার দিকে প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে বন্দরে আসে। জাহাজ দুটিরই স্থানীয় এজেন্ট হিসেবে প্রতিনিধিত্ব করছে প্রাইড শিপিং।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, লুসিয়া সোলিস ডলফিন জেটির দিকে যাচ্ছে এবং বুধবার দুপুর সাড়ে ১২টার মধ্যে সেটি জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে। নজরুল ইসলাম আরও জানান, টর্ম দামিনি থেকে লাইটারিং কার্যক্রম চলছে এবং জাহাজটি আগামীকাল বৃহস্পতিবার জেটিতে ভিড়তে পারে। প্রতিটি জাহাজ থেকে তেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগবে বলেও নিশ্চিত করেছেন ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম।

এর আগে একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।