
চট্টগ্রামের পটিয়ায় শিকলবাহা খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম হাসিনা আক্তার (৩১)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রতনপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। পটিয়া থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ নিহত নারীর পরিচয় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ডের শিকলবাহা খাল থেকে অজ্ঞাত হিসেবে হাসিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহত হাসিনা আক্তার দুই সন্তানের জননী এবং তার স্বামী মোহাম্মদ হাসান ওমানপ্রবাসী। তার দুই ছেলে চকরিয়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
নিহত হাসিনা আক্তারের চাচাতো ভাই মোহাম্মদ রফিক জানান, গত ৬ এপ্রিল চট্টগ্রাম শহরে চিকিৎসা নিতে গিয়ে তার বোন হাসিনা আক্তার নিখোঁজ হন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবার পটিয়ার একটি খালে লাশ দেখতে পেয়ে মোহাম্মদ রফিক ও তার পরিবারের সদস্যরা হাসিনা আক্তারকে শনাক্ত করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, খবর পেয়ে পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লাশটি উদ্ধারের পর এর পরিচয় শনাক্তের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় নিবিড়ভাবে খোঁজ নেয়। প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। পুলিশের ধারণা, আশপাশের অন্য কোনো এলাকায় হত্যার শিকার হওয়ার পর লাশটি পানিতে ভেসে শিকলবাহা খালের কৈয়গ্রাম এলাকায় পৌঁছায়।
