
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলায় প্রতিষ্ঠিত যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসার সুপার মাওলানা মুফতি মির্জা মো. মজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আলী নেওয়াজ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এম আমিরুল ইসলাম রকি, মাদরাসার উপদেষ্টা আবদুল মান্নান, মাদরাসার উপদেষ্টা সুজাত আলী, দাতা সদস্য মুখলেসুর রহমান, নারী ইউপি সদস্য শাহীনা বেগম এবং সমাজসেবক আরিফুল হাসান পাটোয়ারীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সততা, নৈতিকতা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, নতুন পরিবেশে শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপস্থিত অতিথিরা।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, অতিথিদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মাদরাসার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক আলিম উল্লাহ, মাহমুদুল হাসান সজিব এবং তাজুল ইসলামের পক্ষ থেকে মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
