
চট্টগ্রামের পটিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবাগ্রহীতাদের সমস্যা সমাধানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া। বুধবার (১৫ এপ্রিল) পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এই অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সনাক পটিয়ার সাবেক সভাপতি ও স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক এসএমএকে জাহাঙ্গীর, সনাক পটিয়ার সহসভাপতি ও সাংবাদিক আবদুর রাজ্জাক, সনাক পটিয়ার সদস্য মোহাম্মদ শাহ আলম খোকন, টিআইবির চট্টগ্রাম ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স নূর নাহার বেগম, উপসহকারী প্রকৌশলী পার্থ প্রতিম দাশ, এসিজি-স্বাস্থ্যের সাবেক কো-অর্ডিনেটর জিএম কাদের, এসিজি-স্বাস্থ্যের বর্তমান কো-অর্ডিনেটর মীর আরিফুল ইসলাম এবং সাবেক ইয়েস দলনেতা ইয়াছমিন আকতার।
সভায় সনাকের পক্ষ থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। এ.জি.এম. জাহাঙ্গীর আলম জানান, সনাক পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কেলিশহর ও ধলঘাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সেবার মান উন্নয়নে কমিউনিটি অ্যাকশন সভা, গণশুনানি এবং মোবাইল অ্যাপভিত্তিক প্রমাণনির্ভর কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভায় এ.জি.এম. জাহাঙ্গীর আলম কেলিশহর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক পদায়ন, প্রতিবন্ধীবান্ধব র্যাম্প ও টয়লেট নির্মাণ এবং পানির ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব দেন। এছাড়া ধলঘাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অফিস সহকারী নিয়োগ, সেবাসংক্রান্ত তথ্যবোর্ড স্থাপন, টয়লেট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।
পাশাপাশি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু, জরুরি বিভাগে সেবার মানোন্নয়ন এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম।
সভাপতির বক্তব্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, কেলিশহর উপস্বাস্থ্য কেন্দ্রে ইতোমধ্যে এমবিবিএস চিকিৎসক এবং ধলঘাট উপস্বাস্থ্য কেন্দ্রে অফিস সহকারী পদায়ন করা হয়েছে।
ডা. মোহাম্মদ আবু তৈয়ব নিশ্চিত করেন যে, দ্রুত এক্স-রে সেবা চালু করা হবে এবং আগামী জুনের মধ্যে কেলিশহর উপস্বাস্থ্য কেন্দ্রে সংস্কার কাজ ও পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বাজেট ঘাটতির কারণে ধলঘাট উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণে বিলম্ব হলেও ভবিষ্যতে নতুন ভবনের সঙ্গে প্রতিবন্ধীবান্ধব র্যাম্প ও টয়লেট নির্মাণ করা হবে বলে জানান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
এছাড়া পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ওয়ার্ডে নতুন যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে বলে জানান ডা. মোহাম্মদ আবু তৈয়ব। পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ডেলিভারি সেবা গ্রহণের আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
