
নরসিংদীতে অবস্থিত সাহেবপ্রতাব আজাদ ফিলিং স্টেশনে তেল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বাইকারদের দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বোতলজাত করে তেল বিক্রি এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালকেরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল প্রায় ৮টা থেকে সাহেবপ্রতাব আজাদ ফিলিং স্টেশনে অকটেন বিক্রি শুরু হয়। এ সময় অসংখ্য মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।
কিন্তু অভিযোগ উঠেছে, পাম্প কর্তৃপক্ষ লাইনে থাকা বাইকারদের দীর্ঘ অপেক্ষাকে উপেক্ষা করে বেআইনিভাবে বিভিন্ন ব্যক্তির কাছে বোতলে করে তেল বিক্রি করছে।
উপস্থিত কয়েকজন বাইকার জানান, লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও তারা পাম্প থেকে তেল পাচ্ছেন না। অথচ কিছু ব্যক্তির কাছে বোতলভর্তি করে অকটেন বিক্রি করা হচ্ছে। এমনকি বোতলে তেল বিক্রির ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ নির্ধারিত দামের চেয়েও বেশি টাকা হাতিয়ে নিচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এই প্রকাশ্য অনিয়মের বিষয়ে সাহেবপ্রতাব আজাদ ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা উপস্থিত বাইকারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত তদন্ত করে ওই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
