
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল দখল করে গড়ে তোলা ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিন একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় থানা পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং বনবিট কর্মকর্তা মো. খসরুল আমিন জানান, সম্প্রতি সংঘবদ্ধ একটি চক্র উচিতারবিল মৌজার ফতিহারঘোনা পাহাড়ে বনের জায়গা জবরদখল করে নতুন স্থাপনা নির্মাণ শুরু করে। পাশাপাশি তারা প্লট তৈরি করে বনের জমি বেচাকেনায় জড়িয়ে পড়ে।
বিষয়টি কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন এবং ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমানকে জানানোর পর তাদের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
খসরুল আমিন জানান, বনকর্মী ও সিপিজি টহল দলের সদস্যরা টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, এই অভিযানের মাধ্যমে সরকারি সংরক্ষিত বনাঞ্চলের তিন একর জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বনের জমি জবরদখলে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
