
চট্টগ্রাম আন্তঃজেলা (রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াসের ওপর হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাটহাজারী বাসস্টেশন এলাকায় চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে উত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা (খাগড়াছড়ি-রাঙ্গামাটি) আঞ্চলিক উপ-কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা গত ১৩ এপ্রিল বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ইলিয়াসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু সুরাহা না হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে বৃহত্তর চট্টগ্রামের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও আসে সভা থেকে।
চট্টগ্রাম জেলা বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-রাউজান, রাঙ্গামাটি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামলায় আহত ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. নুরুল আজম রাশেদ, চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ সমিতির সাধারণ সম্পাদক মো. দৌলত, হাটহাজারী, ফটিকছড়ি-রাউজান অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিপ শ্রমিক ইউনিয়ন হাটহাজারী কলা বাগান উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল, খাগড়াছড়ি পার্বত্য জেলা যাত্রীবাহী বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নাজিরহাট (লালকার্ড) সাধারণ সম্পাদক মো. আলী চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মোহম্মদ উল্লাহ বাপ্পি, অর্থ সম্পাদক মো. আবু তৈয়ব, দপ্তর সম্পাদক মো. রফিকুর ইসলাম, মো. রফিকুল ইসলাম এবং মো. রাজা মিয়া।
