চকরিয়ায় নারী নির্যাতন ও বন মামলার আসামিসহ গ্রেপ্তার ১৩


কক্সবাজারের চকরিয়ায় সাত ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নারী নির্যাতন, পারিবারিক বিরোধ, বন ও মাদক আইন এবং মৎস্য ঘেরে আধিপত্য বিস্তারসহ দাঙ্গা-হাঙ্গামা মামলার আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত আসামি। এদের মধ্যে একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ, সোহরাব সাকিব, আরকান আহমেদ, নাছির উদ্দিন, ইমরুল এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) রিমন, আলাউদ্দিন, দেবু মজুমদার ও পল্লব দাশের নেতৃত্বে পুলিশের পাঁচটি আলাদা দল চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

গ্রেপ্তার আসামিরা হলেন- চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীর মো. টুকু প্রকাশ টুক্কা চোরার ছেলে মো. কায়সার (১৮), কোরালখালী পূর্ব পাড়ার লেদু মিয়ার ছেলে ইমতিয়াজ (২৫), হাবিবুর রহমানের ছেলে টুকু মিয়া (৬২), মধ্যম কৈয়ারবিল এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়াজির ছেলে নজরুল ইসলাম প্রকাশ সুজিব (৪৯), কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার নুর মোহাম্মদ ভুট্টোর স্ত্রী নুর নাহার বেগম (৩০), বদরখালী ইউনিয়নের বাজার পাড়ার আলমগীরের ছেলে বেলাল উদ্দিন (২৭), চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার মৃত আবুল কাশেমের ছেলে মোশারফ হোসাইন (৩২), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটার নুরুল আলমের ছেলে জমির উদ্দিন (৩৩), বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার মৃত আবু ছৈয়দের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার মকবুল খাইয়ের ছেলে মো. লিয়াকত আলী (৩৫), সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার ফরুক আহমদের ছেলে সাবের আহাম্মদ বাবুল (৫৮), কাসেম আলী মিয়াজী পাড়ার মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে মিনহাজ (২৫) ও কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে নুর মোহাম্মদ ভুট্টু (৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত, তিনজন নিয়মিত মামলার এবং অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ৯ জন আসামি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এসব আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।