
চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সদস্য ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান দেশটির তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি চীনের আনহুই প্রদেশের ফ্যাংসিং কমিউনিটিসহ বিভিন্ন এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন।
সাঈদ আল নোমান জানান, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেবল শাসনকাজেই নয়, বরং জনগণের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। জনগণের সেবায় দেশজুড়ে প্রায় সাত লাখ সার্ভিস সেন্টার গড়ে তুলেছে সিপিসি।
এসব কেন্দ্র শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মিলনমেলা হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি জানান, ফ্যাংসিং কমিউনিটির মতো এসব সেন্টারে পড়াশোনা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা এবং আড্ডার অবারিত সুযোগ রয়েছে। সাধারণ মানুষ এখান থেকেই নানা ধরনের সেবা নেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের খোঁজ পান এবং প্রশাসনিক বিভিন্ন সুবিধা গ্রহণ করে থাকেন।
সাঈদ আল নোমান তার পোস্টে লেখেন, পার্টির প্রতিটি কাজই জনগণের জন্য এবং জনগণের সঙ্গে—এই দর্শনই চীনের অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি বলে তিনি মনে করেন।
কমিউনিটি পরিদর্শনের পর বিএনপির প্রতিনিধি দলটি আনহুই প্রদেশের ভাইস গভর্নর ও পদস্থ সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণে এক বিশেষ নৈশভোজে অংশ নেয়। পরে এক বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘমেয়াদী বন্ধুত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে চীনের ভূমিকা এবং ভবিষ্যতে বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়েও সেখানে আলোকপাত করা হয়।
