আনোয়ারায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, এস্কেভেটর জব্দ


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যক্তির জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি এস্কেভেটর জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর শ্মশান সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নোমান জানান।

এই ঘটনায় অভিযোগের তীর বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহির আলম এবং তার সহযোগী সৈয়দের দিকে।

জমির মালিক সাইফুল আলমের অভিযোগ, উত্তর বন্দর শ্মশান সংলগ্ন ৪৫/৪৬ দাগের ৩৮ শতক জায়গাটি তার। বৃহস্পতিবার রাত থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জহির আলম ও তার সহযোগী সৈয়দ এস্কেভেটর দিয়ে ওই জমির মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন।

বিষয়টি টের পেয়ে সাইফুল আলম তাৎক্ষণিকভাবে বন্দর পুলিশ ফাঁড়িতে খবর দেন।

এসআই নোমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত জহির ও সৈয়দ পালিয়ে গেলেও এস্কেভেটরটি জব্দ করে চালককে হাতেনাতে আটক করা হয়।

আটক চালক ও জব্দ করা এস্কেভেটর থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মাটি কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জহির আলম মাটি নেওয়ার কথা স্বীকার করে একুশে পত্রিকার কাছে দাবি করেন, অন্য একজনের নিচু জমি ভরাট করার জন্য তিনি সেখান থেকে মাটি নিচ্ছিলেন। তবে জায়গাটি যে সাইফুলের, তা তার জানা ছিল না।

প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি ‘ইকবাল’ ভাই নামের একজনের দোহাই দিয়ে সংবাদ প্রকাশ নিয়ে চ্যালেঞ্জও ছুড়ে দেন।

এদিকে, নিজের বৈধ জমি থেকে মাটি চুরির এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাইফুল আলম।