
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে মৃতপ্রায় শিলক খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে।
শুক্রবার বিকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে পরিচালিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে মাটি কেটে খনন কাজের সূচনা করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের পর থেকেই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। কৃষকদের স্বার্থ রক্ষায় স্বল্প পরিসরের কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ মন্তব্য করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ ছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। বর্তমানে সেই কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যত বাধা থাকুক, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
বিএডিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খালটির পুনঃখনন সম্পন্ন হলে এলাকার প্রায় ৫০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে বিপুলসংখ্যক কৃষক উপকৃত হবেন।
পরে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী খালের ওপর নির্মিত একটি বক্স কালভার্টেরও উদ্বোধন করেন।
