চকরিয়ায় ইজিপিপি কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ শুরু


কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইজিপিপি (কর্মসৃজন) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো ও সড়ক উন্নয়ন কাজ একযোগে শুরু হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বরাদ্দ ও নিবিড় তদারকির মাধ্যমে ইউনিয়নভিত্তিক এই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকার হাজারো দরিদ্র নারী ও পুরুষ দৈনিক আট ঘণ্টা কাজের বিনিময়ে পারিশ্রমিক পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চারটি ওয়ার্ডে ইজিপিপি কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু হয়।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, উপজেলা প্রশাসনের পিআইও বিভাগের মনিটরিংয়ের মাধ্যমে গ্রামীণ সড়কের এই উন্নয়ন কাজে প্রতিদিন ৭৯ জন দরিদ্র নারী-পুরুষ শ্রমিক অংশ নিচ্ছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আট ঘণ্টা কাজের বিনিময়ে প্রত্যেক শ্রমিক ৫০০ টাকা করে মজুরি পাবেন।

উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে বেশি অবহেলিত এলাকাগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে হারুন অর রশিদ আরও বলেন, এর ফলে ওই এলাকার মানুষ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী সুফল ভোগ করতে পারবেন।

উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্য, আনসার ও গ্রাম পুলিশের সদস্যসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।