মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬


চট্টগ্রামের মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান পণ্ড হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।

উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

খামারপাড়া সমাজের সর্দার সেকান্ত ত্রিপুরা জানান, শুক্রবার তাদের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান চলছিল। বিকেল তিনটার দিকে একই সম্প্রদায়ের কয়লা মধ্যটিলা ত্রিপুরা পাড়া থেকে আসা শিপন ত্রিপুরা, রাজীব ত্রিপুরা, তপু ত্রিপুরা, তাজেল ত্রিপুরা, অজিত ত্রিপুরা, রাজেত ত্রিপুরা, সনিক ত্রিপুরা, খোকন ত্রিপুরা ও রসুল ত্রিপুরাসহ ১৬ থেকে ১৮ বছর বয়সী বেশ কয়েকজন কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আসা মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে।

এ নিয়ে আয়োজক কমিটির সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে দুই সমাজের প্রতিনিধিদের মধ্যস্থতায় বিকেলে সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে বিকেলে সমাধানের জন্য খামারপাড়া সমাজের সর্দার সেকান্ত ত্রিপুরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মধ্যটিলা সমাজের সর্দার নিকেন্দ্র ত্রিপুরার কাছে যাওয়ার পথে ওই কিশোররা আবারও অতর্কিত হামলা চালায়।

এই সংঘর্ষের ঘটনায় খামারপাড়া এলাকার রুপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং মধ্যটিলা সমাজের গৃহিণী পুকতি ত্রিপুরাসহ (৪৮) অন্তত ৬ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মোহন ত্রিপুরা ও পরেশ ত্রিপুরার নেতৃত্বে একটি কিশোর গ্যাং নানা ধরনের অপকর্ম করে আসছে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ কেউ মুখ খুলতে চায় না।

ধর্মীয় অনুষ্ঠানে এমন হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মধ্যটিলা ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বৈশ্য কুমার ত্রিপুরা বলেন, কয়েকজন কিশোর এর আগেও এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হবে, তা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কিশোর গ্যাংয়ের হামলায় গীতা পাঠ ও মহোৎসব পণ্ড হওয়ার ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।