পটিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের মতবিনিময়, টহল জোরদারের আশ্বাস


আসন্ন ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি রোধে স্থানীয় খামারিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে পুলিশ।

শনিবার দুপুরে পটিয়া থানা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান মোহাম্মদ।

সভায় পটিয়া খামার সমিতি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক কফিল উদ্দীন এবং সহ-সভাপতি শফিউল আলম মনি বক্তব্য রাখেন।

এ সময় খামারি আবদুল মান্নান, মোহাম্মদ ফোরকান, মো. আমিন, মোহাম্মদ শহিদুল ইসলাম, ফারহানা ইয়াসমিন, মো. আলাউদ্দীন, মো. তারেক ও মো. হারুনসহ উপজেলার ১৭টি ইউনিয়নের খামারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চুরি ঠেকাতে খামারিদের বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

রাত্রিকালীন পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরিচিত গাড়ি চালক বা সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন খামারিরা। পটিয়া খামার সমিতি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাসেল বলেন, খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের এই মতবিনিময় সভা একটি সময়োপযোগী উদ্যোগ।

প্রশাসন তৎপরতা বাড়ালে শুধু গরু চুরি নয়, যেকোনো অপরাধই রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন এই খামারি নেতা।