সাতকানিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৪টি এস্কেভেটর বিকল


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ছনখোলা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়েছে।

রোববার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই অভিযান পরিচালিত হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্য এবং স্থানীয় জনগণ অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনের অভিযানের খবর টের পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের এস্কেভেটরগুলো রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে প্রশাসন সেখানে থাকা চারটি এস্কেভেটর বিকল করে দেয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, পাহাড় ও আবাদি জমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়ে দেন।