রামগড়ে উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: ৬টি কক্ষ ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা


খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার রাতে লাগা এই আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। বিদ্যালয়টি অপেক্ষাকৃত নির্জন এলাকায় অবস্থিত হওয়ায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তাৎক্ষণিক চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিশান্ত বড়ুয়া জানান, ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অগ্নিকাণ্ডের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, আগুনে প্রধান শিক্ষকের কক্ষসহ একাধিক শ্রেণিকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত আসবাবপত্র, কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। তবে দ্রুত মেরামতের মাধ্যমে বিদ্যালয়ে পুনরায় পাঠদান কার্যক্রম চালু করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বিদ্যালয়ের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে উপজেলার প্রত্যন্ত কলাবাড়ী এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে বর্তমানে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।