
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক দুই দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার পর রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটে ভাটিখাইন ইউনিয়নের করল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে একটি ফসলি জমির পাশ থেকে আবদুল মাবুদ (৫০) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন এসআই সমীর ভট্টাচার্য।
অন্যদিকে, রোববার ভোরে কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ায় একটি ফার্নিচারের দোকান থেকে কুতুব উদ্দিন (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে এসআই মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। এই দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পুলিশের পৃথক আরেক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য জোবায়ের ইবনে আলম হামীমকে (২০) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অন্যান্য অভিযানে চুরি মামলার দুজন আসামি, দুজন জিআর পরোয়ানাভুক্ত এবং তিনজন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। চুরি মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান রানা (২২) ও মো. ইসমাইল হোসেন (২১)। গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শফিউল বশর মিয়াজী (৩৪), আবু তাহের (৪২), সুমন সর্দার, মো. কাউছার উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
