লোহাগাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: দুইজনকে ২ লাখ টাকা জরিমানা


চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার দিবাগত রাতে লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট মওলার পাড়া এলাকায় এসএস ব্রিকফিল্ড সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ওসামা বিন মমতাজ এবং মো. সাইফুল ইসলাম। অবৈধভাবে মাটি কাটার দায়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ওই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড প্রদান করা হয়। পরিবেশ রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান চলাকালে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীরসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।