
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সীমানা প্রাচীর ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে রোববার (১৯ এপ্রিল) পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশিয়া এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন।
থানায় দায়ের করা অভিযোগে মো. জয়নাল আবেদীন উল্লেখ করেন, তার পৈতৃক সম্পত্তি (বিএস খতিয়ান নং-৯৬০, দাগ নং-৮৪৫৮, জমির পরিমাণ ১৭ শতক) নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং-৪৮৪২/২৫) বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক তার জায়গায় প্রবেশ করে।
অভিযোগে তিনি আরও জানান, বিবাদীরা তার সীমানা প্রাচীর ভেঙে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে এবং জবরদখলের উদ্দেশ্যে সেখানে নির্মাণকাজ শুরু করে। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও জোরপূর্বক দখলের এই চেষ্টার কারণে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মো. জয়নাল আবেদীনের লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিনের। এর জেরে এলাকায় প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও তৎপরতা কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
