
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুই বালু শ্রমিককে গ্রেপ্তার এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। রোববার (১৯ এপ্রিল) বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
থানা পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে কয়েক দিন ধরে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে থানা পুলিশের ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা এলাকার মাতামুহুরী নদীর তীর থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রোববার রাতে চকরিয়া থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ আরও জানায়, মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন দেখা দিচ্ছে। এতে কৃষিজমির ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই পরিবেশবিধ্বংসী এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
