চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১২ আসামি গ্রেপ্তার


কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে চতুর্থ দিনের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জন নারী-পুরুষ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলার ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চার দিন ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনে শনিবার দিবাগত রাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম মাসুম সিদ্দিকী, এসআই মো. শাহেদুল্লাহ, এসআই ফারুক হোসেন এবং এসআই ইমরুল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সার্বিক বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শনিবার রাতের অভিযানে গ্রেপ্তারকৃত ১২ জন নারী-পুরুষ আসামির মধ্যে দুজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত, দুজন চার মাসের সাজাপ্রাপ্ত এবং বাকি আটজন সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। রোববার সকালে গ্রেপ্তারকৃত এই আসামিদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।