পেকুয়ায় কর্মহীন ৯৩১ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ


সাগরে টানা ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকায় বেকার হয়ে পড়া কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের তালিকাভুক্ত ৯৩১ জন জেলের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সরকারি এই সহায়তা কর্মসূচির আওতায় সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক জেলেকে জনপ্রতি ৭৫ কেজি করে চাল প্রদান করা হয়।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী জানান, সরকারিভাবে ১৫ এপ্রিল থেকে আগামী ৫৮ দিন সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাগরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত ও তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে পর্যায়ক্রমে সরকারের সহায়তার এই খাদ্যশস্য (ভিজিএফ) বিতরণ করা হচ্ছে। মাছ ধরা বন্ধ থাকা অবস্থায় পরিবার-পরিজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত এই ৭৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

মগনামা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) আবদুর রাজ্জাক বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।

চাল বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোকতার আহমদ, কাসেম উদ্দিন, নজরুল ইসলাম, ছরওয়ার উদ্দিন, মহিউদ্দিন, মনোয়ারা বেগম, আন্জুমান আরা এবং সুমি আক্তার।