চকরিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা ৮৭ হাজার ৯৩২ শিশু


ভাইরাসজনিত রোগ হাম ও রুবেলার প্রাদুর্ভাব থেকে শিশুদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার আলোকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জায়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুল মোমেন, মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দিন মাহি, উপজেলা স্যানিটারি পরিদর্শক আরিফুল ইসলাম এবং উপজেলা এমটিইপিআই পলাশ সুশীলসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সার্বিক বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. জায়নুল আবেদিন জানান, এই ক্যাম্পেইন কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক মনিটরিংয়ে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ৪৩৫টি কেন্দ্রে টানা ছয় দিন এই টিকা দেওয়া হবে। সরকারি হাসপাতালে প্রতিদিন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ করে টিকা প্রদান করা হবে। একইভাবে স্বাস্থ্য বিভাগের নিবিড় নজরদারিতে স্বাস্থ্যকর্মীরা এসব কেন্দ্রে টিকাদানে নিয়োজিত থাকবেন।

ডা. জায়নুল আবেদিন আরও জানান, ২০ এপ্রিল থেকে শুরু হয়ে সরকারি কার্যদিবসে টানা ছয় দিন মাঠপর্যায়ে এই টিকাদান কর্মসূচি চলবে। জনগণের দোরগোড়ায় টিকাদান সেবা পৌঁছাতে ইউনিয়ন কমিউনিটি হাসপাতাল ছাড়াও প্রতিটি এলাকার নিকটস্থ বিদ্যালয় ও মাদরাসাগুলোকে টিকাদান কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে। প্রতিদিন সকালে শুরু হয়ে বিকেলে এই কার্যক্রম শেষ হবে। জানা গেছে, এবারের কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলায় মোট ৮৭ হাজার ৯৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।