পটিয়ায় পৃথক অভিযানে ২৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২৯ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাত থেকে সোমবার (২০ এপ্রিল) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন এলাকায় কুমার চেয়ারম্যানের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন এসআই মাহবুবুর রহমান। এ সময় আহম্মদুল হক (৫৫) এবং মো. ইউনুছ (৪২) নামের দুজনকে ১৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, সোমবার ভোরে পটিয়া পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকায় ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এসআই মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এনায়েত চৌধুরী প্রকাশ হৃদয় (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

সার্বিক বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।