
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ এক অভিযানে থানার বান্ডেল রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম লালা ওরফে লালা মেথর (৪৩)। তিনি নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনির মেথর পট্টির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামি লালা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুরে আসামি লালাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এরপর ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ২৫ আগস্ট আদালত সেই অভিযোগপত্র গ্রহণ করেন।
