সিআরবিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ


চট্টগ্রামের সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ যেকোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ) চট্টগ্রাম মহানগর। সোমবার (২০ এপ্রিল) বিকেলে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী মো. মোরশেদুল আলম।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি ধ্বংস করে কোনো হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না। হেরিটেজ এলাকায় বেসরকারি হাসপাতালসহ কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা চট্টগ্রামবাসী কখনোই মেনে নেবে না। প্রাকৃতিক পরিবেশ, শতবর্ষী গাছ ও প্রাণ-প্রকৃতি ধ্বংস করে এবং জনগণের মতামতকে উপেক্ষা করে এ ধরনের প্রকল্প মূলত কোনো উন্নয়ন নয়; বরং এটি লুটপাটের রাজনীতিরই একটি অংশ।

বক্তারা জোর দিয়ে বলেন, হাসপাতাল নির্মাণের প্রয়োজন হলে পাহাড়তলীর পরিত্যক্ত হাজি ক্যাম্প, কুমিরার টিবি হাসপাতাল এলাকা অথবা উপযুক্ত অন্য কোনো স্থানে সেটি নির্মাণ করা যেতে পারে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান, যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদ শিমুল ও জাহিদুল আলম, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সদস্য সচিব মিজানুর রহীম চৌধুরী, উত্তর জেলার ভারপ্রাপ্ত সমন্বয়কারী মোহাম্মদ ওসমান, সাবেক ছাত্র ফেডারেশন সদস্য রনি ইসলাম, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য শুভাশীষ ভট্টাচার্য এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা শ্রীধাম শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।