মিরসরাইয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির মথুরা পাখি উদ্ধার


চট্টগ্রামের মিরসরাইয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মথুরা পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানা এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ গ্রুপের সদস্যরা।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ গ্রুপের পরিচালক ইসমাইল মিথুন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সোমবার বিকেলে বিএসআরএম কারখানার ভেতরে মথুরা পাখিটি পড়ে থাকতে দেখেন ওই কারখানায় কর্মরত রনি নামের এক ব্যক্তি। পরে রনি তাদের সাথে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধারকৃত পাখিটির ডানায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পাখিটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর অবমুক্ত করে দেওয়া হবে বলে তারা নিশ্চিত করেন।

উদ্ধারকারী দলের সদস্যরা আরও জানান, এ ধরনের পাখি সাধারণত লোকালয় থেকে অনেক দূরে গভীর পাহাড়ে বসবাস করে। মূলত এ কারণেই এই অঞ্চলে এদের খুব একটা দেখা যায় না।

সার্বিক বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ জানান, এটি একটি স্ত্রী মথুরা পাখি বা কালিজ ফেজ্যান্ট (Kalij Pheasant)। বর্তমানে এই প্রজাতির পাখি প্রায় বিলুপ্তির পথে। তিনি আরও জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ ধরনের পাখি শিকার করা এবং কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।