
চট্টগ্রামের মিরসরাইয়ে ঐতিহ্যবাহী ইছামতি মেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই মেলায় দিনদুপুরে ‘পয়সা খেলা’ ও ‘চাক্কি খেলা’ নামের বিভিন্ন ধরনের জুয়ায় মেতে ওঠেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর ৬ বৈশাখ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে ইছামতি দেবী (গঙ্গা দেবী) মন্দিরের পুণ্যভূমি ঘিরে এই মেলা বসে। মেলা উপলক্ষে দূরদূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। প্রাচীন এই পূজা ও মেলা এখন আর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে।
তবে মেলা প্রাঙ্গণের পাশ্ববর্তী একটি জায়গায় গিয়ে দেখা যায়, গোল হয়ে সব বয়সের মানুষ ‘পয়সা খেলা’ ও ‘চাক্কি খেলা’ নামের জুয়ায় অংশ নিচ্ছেন। এসব খেলায় কেউ জিতছেন, আবার কেউবা হেরে নিঃস্ব হচ্ছেন। ঐতিহ্যবাহী এমন একটি মেলায় দিনদুপুরে জুয়ার আসর বসায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দর্শনার্থী জানান, ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মেলা উপভোগ করতে এসেছেন। কিন্তু কিছু অসাধু চক্রের কারণে মেলার এই সুন্দর ও পবিত্র পরিবেশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে ইছামতি মেলার আয়োজক কমিটি ও ইছামতি মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার দে জুয়ার আসর বসার অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, এটি দুইশ বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। দূর-দূরান্ত থেকে মানুষ এই মেলা উপলক্ষে ছুটে আসেন। মেলায় জুয়ার আসর বসানোর বিষয়টি সত্য নয় উল্লেখ করে তিনি জানান, কেউ হয়তো একটু খেলাধুলার সামগ্রী নিয়ে সেখানে বসেছিল।
