মিরসরাইয়ে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় ওষুধ উদ্ধার


চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৪৯ হাজার ১৭৮ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার ছোট ফরিংগা সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচটি বস্তা থেকে মোট ৪৯ হাজার ১৭৮ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ২৭ হাজার ১১৪ টাকা।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চোরাচালানের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান জোরালোভাবে পরিচালনা করা হবে।

পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।