চাকরিচ্যুত ব্যাংককর্মীদের নিয়ে সংসদে যা বললেন চট্টগ্রামের দুই এমপি


অন্তর্বর্তী সরকারের আমলে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের পুনর্বহালের দাবি জানিয়েছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্য।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এই দাবি তোলেন।

সংসদে মোহাম্মদ এনামুল হক বলেন, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলের দশ হাজারের বেশি তরুণ-তরুণীকে অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে তাদের পুনরায় চাকরিতে বহাল করার আবেদন জানান তিনি।

একই দাবি জানিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, ওই সময়ে চাকরিচ্যুত ব্যাংকাররা বর্তমানে চরম দুরবস্থায় আছেন। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের চাকরিতে ফেরানো উচিত।

প্রসঙ্গত, চট্টগ্রামের পটিয়ায় বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বাড়ি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর এসব ব্যাংকে ওই এলাকার বহু মানুষকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলে অনেকেই চাকরি হারান, যাদের বেশিরভাগই চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা।