বাঁশখালীতে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান, ট্রাক জব্দ


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত চলা এই অভিযানে একটি ট্রাক জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা ড্রেজার মেশিন নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালু বহনকারী একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. বাবুল ও ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. দেলোয়ার হোসাইনের উপস্থিতিতে ট্রাকটি জব্দ করা হয়। পরে যে বাড়ির উঠানে ট্রাকটি পাওয়া যায়, ওই পরিবারের এক সদস্যের জিম্মায় সেটি রাখা হয়েছে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।