গরমে হাঁসফাঁস অভিভাবকদের হাতে পানির বোতল, রাঙ্গুনিয়ায় প্রশংসায় ভাসছেন এমপি


সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও নাস্তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর প্রচণ্ড গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

সংসদ সদস্য দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে একান্ত সচিব মহিবুল কবির তমাল রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের হাতে পানির বোতল ও নাস্তা তুলে দেন। এ সময় তিনি অভিভাবকদের খোঁজখবর নেন এবং পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।

তীব্র গরমে দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। ধারাবাহিকভাবে উপজেলার অন্যান্য পরীক্ষাকেন্দ্রেও এ কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

পানি ও নাস্তা বিতরণের সময় উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।