কন্যা হওয়ায় হাসপাতালে স্ত্রী-সন্তানকে ফেলে পালাল স্বামী, দায়িত্ব নিলেন ডিসি


কন্যা সন্তান জন্ম দেওয়ায় হাসপাতালে স্ত্রীকে ফেলে স্বামীর পলায়নের পর ওই নবজাতক ও অসহায় মায়ের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে তিনি নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা দেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৬ এপ্রিল প্রসববেদনা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন শাহনাজ বেগম শেলী। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু এরপরই তার স্বামী বেলাল আহমেদ হাসপাতালে স্ত্রী-সন্তানকে ফেলে পালিয়ে যান।

গত ২০ এপ্রিল নবজাতকের জন্ডিস ধরা পড়লে তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। মঙ্গলবার হাসপাতালে উপস্থিত হয়ে তিনি নবজাতকের জন্য খাদ্য, পোশাক, ডায়াপার এবং মায়ের জন্য এক মাসের খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, শিশুটি এখন সুস্থ আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মা ও শিশুর জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সবাইকে পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নবজাতকের মা শাহনাজ বেগম জানান, মেয়ে সন্তান হলে রাখবেন না বলে আগেই জানিয়েছিলেন স্বামী বেলাল। সন্তান জন্মের পর থেকে তিনি আর কোনো খোঁজ নেননি।

জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহনাজ বলেন, তিনি পাশে না দাঁড়ালে চরম বিপদে পড়তে হতো।

চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ও এনআইসিইউ প্রধান ডা. মোহাম্মদ শাহীন জানান, জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হবে।