চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তিন বিশাল ট্যাংকার, এল কোন দেশের তেল?


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এক লাখ টনের বেশি ডিজেল ও অকটেন নিয়ে তিনটি জাহাজ পৌঁছেছে।

মঙ্গলবার জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছায় বলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন।

বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) ফারজিন হাসান মৌমিতা জানান, জাহাজগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে। এসব জ্বালানি খালাসের মাধ্যমে দেশের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, জ্বালানিবাহী ট্যাংকারগুলোর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ প্রায় ৪১ হাজার টন এবং ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে। এছাড়া ‘এমটি নাভ সিয়েলো’ প্রায় ২৭ হাজার টন অকটেন নিয়ে তাইওয়ান থেকে এসেছে।

এদিকে, গত ১৯ দিনে তিনটি দেশীয় বেসরকারি কোম্পানি থেকে ১৫ হাজার ১৭০ টন অকটেন সংগ্রহ করেছে বিপিসি। ফারজিন হাসান মৌমিতা জানান, এর মধ্যে সুপার পেট্রো পিএলসি সর্বোচ্চ ১১ হাজার ৬১৫ টন অকটেন সরবরাহ করেছে।

এর আগে সোমবার ডলফিন জেটিতে আরও দুটি ট্যাংকার থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। এর মধ্যে ‘এমটি ওকট্রি’ প্রায় ৩৫ হাজার টন এবং ‘এমটি কেপ বনি’ প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে এসেছে।