বিদেশে পাচার ২৫ কোটি টাকা, জাবেদ-রুকমিলার মামলায় কাঠগড়ায় আরও ১০ সাক্ষী

সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামান
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। এ নিয়ে মামলাটিতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মঙ্গলবার দুদকের পক্ষ থেকে আদালতে ১০ জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আগামী ৫ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবিলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী। এছাড়া ব্যাংকটির সাবেক আরও কয়েকজন পরিচালক, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মচারীদেরও আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, আসামিরা দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। তদন্ত শেষে মৃত দুজনকে বাদ দিয়ে নতুন সাতজনসহ মোট ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।