
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে দু্ই দল। এই ম্যাচের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মতিউর রহমান স্টেডিয়ামে পূর্ব গ্যালারির টিকিটের দাম সবচেয়ে কম ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা।
এছাড়া পূর্ব ও পশ্চিমে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম আড়াই হাজার টাকা করে। স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম প্রান্তে ছাদের ওপর দুই প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও আড়াই হাজার টাকা করে ধরা হয়েছে।
চলমান ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত ১–১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ২৬ রানে জয় পায় নিউজিল্যান্ড। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুটি টি–টুয়েন্টি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ২ মে তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টি–টুয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে বেলা ২টায়।
