বিমানবন্দরে প্রবাসীদের সেবায় ‘সুনির্দিষ্ট কাঠামো’ চাইলেন শাহ আমানতের পরিচালক


বিদেশগামী, প্রবাসী ও বিদেশ-ফেরতদের সেবার জন্য আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সুনির্দিষ্ট কাঠামো বা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

বুধবার চট্টগ্রাম বোট ক্লাবের সম্মেলন কক্ষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

শেখ আব্দুল্লাহ আলমগীর জানান, প্রবাসীদের নানা ধরনের সংকট থাকে এবং অনেক সময় তারা শূন্য হাতে দেশে ফেরেন। নারীদের ক্ষেত্রে এই সংকট আরও ভিন্ন। একটি সুনির্দিষ্ট এসওপি থাকলে সেখানে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা স্পষ্ট উল্লেখ থাকবে। এর ফলে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রবাসীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

ইসরায়েল-ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে চট্টগ্রামে ফেরত আসা প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসায় ব্র্যাককে ধন্যবাদ জানান বিমানবন্দর পরিচালক। ভবিষ্যতে এমন সংকটকালীন মুহূর্তে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, অনেকেই পর্যটক ভিসায় বা অনিয়মিত পন্থায় বিদেশে কাজের সন্ধানে যান, যা সরকার বন্ধ করতে চায়। বিমানবন্দরে নজরদারি কঠোর করা হলে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকানো সম্ভব।

শাহ আমানতের উপ-পরিচালক মোহাম্মদ উল্লাহ জানান, নিয়ম মেনে এবং দক্ষ হয়ে বিদেশে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি জানান, গত পাঁচ বছরে শাহ আমানত বিমানবন্দরে প্রায় পাঁচ হাজার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত মানুষকে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক। এই সময়ে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ হাজার মানুষ তাদের কাছ থেকে সহায়তা পেয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক মুমিনুর রশিদ, সিভিল এভিয়েশনের সহকারী পরিচালক আবু মোহাম্মদ ওমর শরীফ, চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আতিকুল আলম, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজীম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান।

সভায় শাহ আমানতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন, সিএনএস প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এয়ারলাইন্স, ইমিগ্রেশন পুলিশ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।